টুইট করে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়: ইরান

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা বিমানবাহী রণতরী পাঠিয়ে হরমুজ প্রণালি দখল করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে এমন প্রতিক্রিয়া দেখান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘরিবাবাদী বলেন, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরান যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হুমকিতে ভয় পায় না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে ঘরিবাবাদী আরও উল্লেখ করেন, বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ জলপথটি খোলা রাখা কিংবা বন্ধ করার বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব কর্তৃত্ব ও স্বাধীন সিদ্ধান্তের ওপর নির্ভর করে। অন্য কোনো দেশের হস্তক্ষেপে এর ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা যাবে না।