রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় রাতভর ইউক্রেনের ১৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। মঙ্গলবার ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ইউক্রেনের পক্ষ থেকে চালানো এটি মস্কো লক্ষ্য করে সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি বলে দাবি করা হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ পৃথক এক বিবৃতিতে জানান, মস্কোর কাছে রাশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামসহ কয়েকটি স্থাপনায় ড্রোনের আঘাত লেগেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি মেয়েশিশুও রয়েছে।
ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলো কিয়েভের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ একটি দেয়ালে আঘাত করায় গুদামটির সামান্য ক্ষতি হয়েছে।
মস্কোর মেয়র সোবিয়ানিনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত মস্কো ও এর আশপাশের অঞ্চলের দিকে মোট ৬২০টি ড্রোন এগিয়ে আসছিল। এসব ড্রোনের মধ্যে ১৮০টি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল সীমিত করা হয়।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ড্রোন হামলা ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে। বিশেষ করে ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানী ও গুরুত্বপূর্ণ সামরিক-অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন ব্যবহার বাড়িয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হামলার সংখ্যা ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।