ইরানি হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার কারণে গত জুলাইয়ে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল। ব্রিটেনে বিদ্যুৎ অবকাঠামোর ওপর এ ধরনের হামলার ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পানি সরবরাহ অবকাঠামোতেও ধারাবাহিক সাইবার হামলা চালানো হয়। ওই হামলায় ১২টি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্কিন প্রশাসনের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে যুক্তরাজ্যে আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলকভাবে ছোট বলে জানা গেছে। দেশজুড়ে এ ধরনের কয়েক ডজন ছোট বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর অনেকগুলোই প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য চালু করা হয়।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ব্রিটিশ সরকার হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেনি। তবে হামলার ফলে কেন্দ্রটির কার্যক্রম চার দিন বন্ধ রাখতে হয়েছিল বলে জানা গেছে।

এর আগে যুক্তরাজ্যে বেশ কয়েকটি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের বিভিন্ন কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। পাশাপাশি স্কুলের আইটি সেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। শিল্প খাতেও এর প্রভাব পড়েছে। এমনকি জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় নির্মাতা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমও সাইবার হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলার ঘটনায় ব্রিটেনে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সাইবার হামলা বাড়লে তা সরাসরি জনজীবন ও জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।