হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত ট্রানজিট নিয়ম না মানা জাহাজ পরবর্তী যাত্রায় জরিমানা, আটক কিংবা জব্দের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে তেহরান।

রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ এ সতর্কবার্তা দেয়।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, উপসাগরীয় অঞ্চল থেকে পণ্য পরিবহনকারী কোম্পানিগুলোকে কোনো জাহাজ ভাড়া করার আগে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তালিকাভুক্ত জাহাজগুলোর হালনাগাদ তালিকা যাচাই করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, তালিকাভুক্ত জাহাজের সঙ্গে সহযোগিতায় যুক্ত জাহাজগুলোকেও রোববার থেকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর, ট্রান্সশিপমেন্টসহ এ ধরনের কার্যক্রমে যুক্ত জাহাজও থাকবে।

তালিকা থেকে নাম বাদ দিতে হলে সংশ্লিষ্ট জাহাজকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে এবং কেন তাদের নাম বাদ দেওয়া উচিত, সে বিষয়ে কারণ ব্যাখ্যা করতে হবে বলে জানানো হয়েছে।

গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করে। এর মাধ্যমে ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটে এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়।

তবে সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী আলোচনা থমকে আছে। বৈশ্বিক তেল ও গ্যাস রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি