ইরানিরা শত্রুর ধোঁকায় বিভ্রান্ত হওয়ার জাতি নয়: পেজেশকিয়ান

ইরানের জনগণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন। তাই অপরাধী ও প্রতারক শত্রুদের প্রচারণায় তারা বিভ্রান্ত হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দেশের চলমান অর্থনৈতিক সংকট কাটাতে জনগণ ও সরকারের মধ্যে ঐক্য ও সংহতির ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) তেহরানের সাদাবাদ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্সে সরকারের নিহত সদস্যদের পরিবারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের মন্ত্রী, সামরিক কমান্ডার, কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের স্মরণ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, নিজেদের মানবাধিকার ও গণতন্ত্রের সমর্থক হিসেবে দাবি করা দেশগুলোর হামলায় এসব মানুষের মৃত্যু ইরানের জন্য বড় ক্ষতি।

মানবাধিকারের পক্ষে কথা বলা দেশগুলোর ভূমিকার সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, তারাই বছরের পর বছর ইরানকে সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরেছে। অথচ ইসলামী বিপ্লবের পর থেকেই বিভিন্ন সময়ে ইরানের কর্মকর্তা, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যার সঙ্গে তারাই জড়িত বলে অভিযোগ করেন তিনি।

এদিকে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্ভোগের কথাও তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, জনগণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা থাকলে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

পেজেশকিয়ানের মতে, দেশের ভেতরে বিভেদ তৈরি করতে পারলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সুযোগ কাজে লাগাতে চাইবে। তাই শত্রুদের এমন প্রচেষ্টা ঠেকাতে ইরানিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের শত্রুরা বিভাজন ও মতপার্থক্য বাড়াতে কোনো চেষ্টাই বাদ দিচ্ছে না। তবে জনগণ ও সরকারের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় থাকলে তাদের এই পরিকল্পনা সফল হবে না।

বাইরের চাপ ও হুমকি যতই বাড়ুক, ধৈর্য, সংহতি ও আশাবাদই ইরানের প্রতিরোধক্ষমতার মূল ভিত্তি হয়ে থাকবে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। সূত্র: মেহর নিউজ এজেন্সি