বিয়ের অনুষ্ঠানে হামলায় যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললেন গালিবাফ

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে আখ্যা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে গালিবাফ বলেন, মিনাবের একটি স্কুলে হামলায় শিশুদের হত্যা করা হয়েছে। লামার্দের একটি ক্রীড়া হলে হামলায়ও শিশুরা নিহত হয়েছে। সর্বশেষ কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে শিশুরাও প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে গালিবাফ বলেন, কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তাহলে সেটি শয়তানই। একই ধরনের কর্মকাণ্ড চালানো কোনো ‘কনিষ্ঠ শয়তানকে’ যদি সে রক্ষা করে, তবে সেটি ‘মহান শয়তান’।

ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি আবাসিক ভবনে হামলা হয়। এতে একটি শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

ইরানের কর্মকর্তারা হামলাটিকে যুক্তরাষ্ট্রের হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘটনার দায় স্বীকারের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে গালিবাফের বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হয়ে উঠেছে। বেসামরিক হতাহতের অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি সামরিক উত্তেজনাও দ্রুত বাড়ছে। সূত্র: ডন