বিয়ের অনুষ্ঠানে হামলা ‘যুদ্ধাপরাধ’: ইসমাইল বাঘাই

ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার (২ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

বাঘাই বলেন, সিরিকে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ যুদ্ধের’ প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে। তাঁর অভিযোগ, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই যুক্তরাষ্ট্র এমন হামলা চালাচ্ছে।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছিল, দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কুহেস্তাক এলাকায় একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল এবং সেখানে পরিবারগুলো জড়ো হয়েছিল। হামলায় নারী, পুরুষ ও শিশুসহ ৫০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে বাঘাই দাবি করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো। মার্কিন বাহিনীর দাবি, তারা ইরানের বিপ্লবী গার্ডের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সমুদ্র মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

সিরিকে বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি বেসামরিক হতাহতের অভিযোগও দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সূত্র: ডন