ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন, দেশের স্বার্থ যেখানে প্রয়োজন হবে, সেখানেই পূর্ণ শক্তি ও সক্ষমতা নিয়ে সেনাবাহিনী উপস্থিত থাকবে।
পশ্চিমাঞ্চলীয় ইরানে স্থলবাহিনীর বিভিন্ন ইউনিটের যুদ্ধ সক্ষমতা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। জাহানশাহী জানান, সীমান্ত এলাকায় সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় এসব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি বলেন, ইরানের স্থলবাহিনী দেশের সীমান্তজুড়ে মোতায়েন রয়েছে। জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থ যেখানে তাদের উপস্থিতি ও প্রতিরক্ষা কার্যক্রমের দাবি করবে, সেখানে পূর্ণ শক্তি নিয়ে তারা দায়িত্ব পালন করবে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে দেশটির স্থলবাহিনী সীমান্ত এলাকায় নজরদারি ও প্রস্তুতি জোরদার করেছে। এর আগে জাহানশাহী জানিয়েছিলেন, স্থলবাহিনীর ইউনিটগুলো শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে।
তার সর্বশেষ বক্তব্যে সীমান্ত নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টিই আবারও সামনে এসেছে। তবে তিনি কোনো নির্দিষ্ট দেশ বা সম্ভাব্য সামরিক অভিযানের কথা উল্লেখ করেননি। সূত্র: মেহর নিউজ এজেন্সি