ইরানের বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীটির প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি বলেছেন, নিরীহ ইরানিদের ওপর মার্কিন হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না এবং এ হামলার সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি ইরানের সেরিক দ্বীপের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার নিন্দা জানান। তাঁর দাবি, ওই হামলা ছিল ইরানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী ও অমানবিক আগ্রাসন।
ভাহিদি বলেন, নিরীহ মানুষের ওপর হামলার পেছনে যারা জড়িত এবং যারা এ হামলার পরিকল্পনা ও নির্দেশ দিয়েছে, তাদের ভয়াবহ অপরাধের জন্য বড় মূল্য দিতে হবে। শত্রুপক্ষ ইরানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছে, তা তাদের দুর্বলতা এবং ইরানিদের দৃঢ় সংকল্পের মুখে অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
আইআরজিসি প্রধান বলেন, বেসামরিক মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে ইরানের প্রতিরোধের মনোবল ভেঙে দেওয়া যাবে না। শহীদদের মর্যাদা রক্ষা এবং দেশের সর্বত্র ইরানিদের জন্য অবিচল নিরাপত্তা নিশ্চিত করতে আইআরজিসি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
বিয়ের অনুষ্ঠানে হামলার প্রসঙ্গে ভাহিদি বলেন, ইরানের নিরাপদ একটি এলাকায় নারী, পুরুষ ও শিশুরা যখন বিয়ের আনন্দে অংশ নিচ্ছিলেন, তখন সেখানে হামলা চালিয়ে তাদের আনন্দকে বিষাদে পরিণত করা হয়েছে। তাঁর ভাষায়, এ ঘটনা ইরানি জনগণের প্রতি শত্রুদের দীর্ঘদিনের বৈরিতা ও বিদ্বেষের গভীরতা প্রকাশ করে।
ইরানি কর্মকর্তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করে সেরিক এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। ওই ভবনেই বিয়ের অনুষ্ঠান চলছিল বলে দাবি করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় প্রায় ৭০ জন নিরীহ মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ভাহিদি আরও বলেন, এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র আবারও বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। তবে এ ধরনের হামলা ইরানের জনগণের প্রতিরোধের ইচ্ছা ও দৃঢ়তাকে দুর্বল করার পরিবর্তে তাদের আরও ঐক্যবদ্ধ করবে বলে ইঙ্গিত দেন তিনি।
আইআরজিসি প্রধানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আবারও তীব্র হয়েছে এবং হরমুজ প্রণালিকে ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে। কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা সেই উত্তেজনায় বেসামরিক হতাহতের বিষয়টিও সামনে এনেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি