চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে দৃঢ়প্রতিজ্ঞ ইরান: এজেই

চীনের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি বলেছেন, আইনি ও বিচারিক সহযোগিতা দুই দেশের বৃহত্তর কৌশলগত সম্পর্কের অন্যতম ভিত্তি হতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের বিচার বিভাগীয় নেতাদের বৈঠকের ফাঁকে চীনের সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্ট ঝাং জুনের সঙ্গে বৈঠকে এজেই এসব কথা বলেন।

এজেই বলেন, চীন ও ইরানের মধ্যে বিস্তৃত ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য দুই দেশের মধ্যে আইনি ও বিচারিক অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকগুলো পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

বিচার বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এজেই। তিনি বলেন, চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে ইরানের নিজস্ব সামর্থ্য যুক্ত হলে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।

এজেই আরও আশা প্রকাশ করেন, শিগগিরই ইরানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর বিচার বিভাগের প্রধানদের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করা সম্ভব হবে। গত বছর ইরানে এই সম্মেলন হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের কারণে তা অনুষ্ঠিত হয়নি বলে জানান তিনি।

বৈঠকে ঝাং জুনও দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা উত্থান-পতনের মধ্যেও চীন ও ইরান সবসময় স্থিতিশীল সম্পর্ক বজায় রেখেছে এবং একে অপরকে সহযোগিতা করেছে।

চীনের বিচার বিভাগ ইরানের বিচার বিভাগের সঙ্গে বিচারিক ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী বলেও জানান ঝাং।

সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের জনগণের দৃঢ়তার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন ও ইরানের সম্পর্ক সব ক্ষেত্রেই আরও বিস্তৃত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি