ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি বা আলোচনার আবেদন করেনি বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েব। একই সঙ্গে বিদ্যমান ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত যুক্তরাষ্ট্রকে মেনে চলতেই হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে তাইয়েব বলেন, ইরান কখনো যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি। তাঁর দাবি, আলোচনা চলার সময়ও যুক্তরাষ্ট্র দুই দফা ইরানে হামলা চালিয়েছে। তেহরান দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কাছ থেকে ছাড় আদায় করা সম্ভব, এমন ধারণা থেকেই ওয়াশিংটন হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তাইয়েব বলেন, যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকে নির্ধারিত শর্তগুলো মেনে চলতেই হবে। ইরানের জনগণের দৃঢ় অবস্থানের সামনে ওয়াশিংটনের নত হওয়া ছাড়া আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরান বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগকে নিজেদের পক্ষ থেকে চাওয়া কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না; বরং আগের সমঝোতার শর্ত বাস্তবায়নের ওপরই জোর দিচ্ছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল