যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির যৌথ আকাশ প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। তিনি বলেছেন, হুমকি এখনো শেষ হয়নি।
ফারসের বরাতে আলজাজিরা জানিয়েছে, এলহামি বলেন, বর্তমান ও ভবিষ্যতের যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের প্রস্তুত করেছে এবং প্রস্তুতি অব্যাহত রাখবে।
ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে এখন পুরোপুরি স্বনির্ভর বলেও দাবি করেন তিনি। স্থানীয় জ্ঞান, দেশীয় সক্ষমতা, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এসব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও উন্নত করা হচ্ছে বলে জানান এলহামি।
তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় দেশীয়ভাবে তৈরি ও উন্নত করা কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল এবং সেগুলো দিয়ে শত্রুপক্ষের বিমান ও অন্যান্য আকাশযান মোকাবিলা করা হয়েছে।
এলহামির ভাষ্য, সাম্প্রতিক সংঘাত ইরানকে জাতীয় শক্তির একটি নতুন সংজ্ঞা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ দিয়েছে। সাহসী নেতৃত্ব, জাতীয় সংহতি, জনগণের সমর্থন এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতির সমন্বয়েই এই সক্ষমতা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
এর আগে ১ সেপ্টেম্বরও এলহামি বলেছিলেন, যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রয়োজনীয় সক্ষমতা নিয়মিত হালনাগাদ ও উন্নত করা হচ্ছে। সূত্র: আলজাজিরা