ইরানের প্রতিরোধ শক্তি আরও বেড়েছে: সাইয়ারি

যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের হুমকি এবং যুদ্ধক্ষেত্রে ওয়াশিংটনের সীমাবদ্ধতার মধ্যেই ইরানের প্রতিরোধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

রোববার (৬ সেপ্টেম্বর) তেহরানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক আগ্রাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান নিজেদের সম্ভাব্য দুর্বলতা কাটিয়ে শক্তির জায়গাগুলো আরও সুদৃঢ় করেছে।

সাইয়ারি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্বই হলো দেশের প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতার পর ইরান ৪০ দিনের যুদ্ধ এবং হরমুজ যুদ্ধের মধ্য দিয়ে গেছে। এই সময়ে সম্ভাব্য দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে এবং নিজেদের শক্তি আরও বাড়াতে ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছে।

তার দাবি, এসব অভিজ্ঞতার ফলে দেশের প্রতিরোধ সক্ষমতা এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে।

ইরানের বিরুদ্ধে নৌ ও অর্থনৈতিক অবরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন সাইয়ারি। তিনি বলেন, ট্রাম্প বারবার একই ধরনের বক্তব্য দিচ্ছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, যুক্তরাষ্ট্র দেশটির নৌবাহিনী ধ্বংস করেছে, বিমানবাহিনী ধ্বংস করেছে এবং ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ কিংবা সরকারি কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না।

এসব দাবিকে ভিত্তিহীন ও অসত্য উল্লেখ করে সাইয়ারি বলেন, ট্রাম্পের বক্তব্যে নতুন কিছু নেই; একই কথার পুনরাবৃত্তি করতেই তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন।

ইরানের সামরিক সক্ষমতা, জনগণের প্রতিরোধ এবং জাতীয় ইচ্ছাশক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সাফল্য অর্জন করতে পারবে না বলেও মন্তব্য করেন এই ইরানি কমান্ডার।

তিনি বলেন, দেশের জনগণ যতদিন সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে, ততদিন কোনো শক্তিই ইরানকে পরাজিত করতে পারবে না। ইরানি জনগণ সবসময় দেশের শক্তি ও প্রতিরোধের অবস্থান তুলে ধরেছে উল্লেখ করে তিনি ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধের কথাও স্মরণ করেন।

ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের অবিচল সমর্থনের প্রশংসা করে সাইয়ারি বলেন, দেশের মানুষের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা প্রশংসার দাবিদার।

ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আবারও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র নেই, নৌবাহিনী ধ্বংস করা হয়েছে, এ ধরনের কয়েকটি বক্তব্যই মার্কিন প্রেসিডেন্ট বারবার সামনে আনছেন। এসব পুনরাবৃত্ত বক্তব্যের সঙ্গে ইরান অভ্যস্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
সাইয়ারি