মার্কিন জ্বালানি কোম্পানির স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি গালিবাফের

ইরানের সম্পদে হামলা চালানো হলে আঞ্চলিক মার্কিন তেল ও গ্যাস কোম্পানি এবং তাদের স্থাপনাগুলোও পাল্টা হামলার লক্ষ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি দেওয়ার পর এই সতর্কবার্তা দিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, উপসাগরীয় জলসীমায় থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানি এবং তাদের স্থাপনাগুলোও একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানের সম্পদে আঘাত করলে পাল্টা আঘাত আসবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দিতে পারে। এর পরপরই গালিবাফের পাল্টা হুমকি আসে।

গালিবাফ আরও দাবি করেন, ইরান ইতোমধ্যে এমন পাল্টা হামলার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তার বক্তব্য, যেসব মার্কিন ঘাঁটি এখন আর কার্যকর নেই, সেগুলোর দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যাবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে তেলবাহী জাহাজ ও হরমুজ প্রণালি। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে। এর জবাবে ইরানও মার্কিন নৌযান ও তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

এই পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও কমে গেছে। রয়টার্সের হিসাবে, গত ১০ দিনে প্রণালিটি দিয়ে প্রতিদিন গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যা মে মাসের পর সর্বনিম্ন। সূত্র: ডন