ইরানের পরমাণু ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর পশ্চিমা উদ্যোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদে ইরানবিরোধী প্রস্তাব পাসের পর এ প্রতিক্রিয়া জানান।
গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কারণে দেশটির পারমাণবিক কর্মসূচি যাচাইয়ের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। পরে সেই বাধাকেই ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাব পাসের অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর খসড়া করা ইরানবিরোধী প্রস্তাব গ্রহণ মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ। তবে এ উদ্যোগ কোনো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও পরমাণু ইস্যু নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, এ সিদ্ধান্ত পরস্পরবিরোধী ও ভিত্তিহীন।
বাঘাই বলেন, ইরান পরমাণু বিষয়ে কোনো ধরনের অমান্যতা করেনি। তাই দেশটির পরমাণু ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্তের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
ইরানের কর্মকর্তাদের বক্তব্য এমন সময় এল, যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদে পশ্চিমা দেশগুলোর উদ্যোগে তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ইরান বলছে, সাম্প্রতিক হামলার কারণে তাদের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন ও যাচাইয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পরও সেই পরিস্থিতিকে তেহরানের বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে।
তেহরানের কর্মকর্তারা এর মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছেন, পরমাণু ইস্যুতে পশ্চিমাদের নতুন চাপকে তারা রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে এবং নিরাপত্তা পরিষদে বিষয়টি নেওয়ার উদ্যোগও মেনে নেবে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি