লোহিত সাগরে হুথিদের দখলে জুকার দ্বীপ

লোহিত সাগরের কৌশলগত জুকার দ্বীপ দখলের দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। একই সময়ে দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখায়ও হুথিদের যোদ্ধাদের প্রবেশ করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এর ফলে বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হুথি যোদ্ধারা মোখা শহরে প্রবেশের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের দাবি, রকেট হামলার পর যোদ্ধাদের বহনকারী নৌযানে করে স্থল অভিযান চালিয়ে জুকার দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুথিরা। তবে দ্বীপটি দখলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জুকার দ্বীপটি লোহিত সাগরের হানিশ দ্বীপপুঞ্জের অংশ এবং বাব আল-মান্দাবের কাছাকাছি অবস্থিত। এই সামুদ্রিক পথটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানায়, হুথিরা কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটির নিয়ন্ত্রণ তাদের বাব আল-মান্দাব প্রণালির দিকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহ থেকে ইয়েমেনে নতুন করে তীব্র লড়াই চলছে। এএফপির বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৫০০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই যোদ্ধা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, সহিংসতার কারণে প্রায় ২০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

ইয়েমেনের এই সংঘাত নতুন করে তীব্র হওয়ায় লোহিত সাগরের বাণিজ্যপথ নিয়েও উদ্বেগ বাড়ছে। বাব আল-মান্দাব প্রণালি দিয়ে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। ফলে হুথিদের নিয়ন্ত্রণ বিস্তারের যেকোনো ঘটনা আন্তর্জাতিক নৌবাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আলজাজিরা