হুথিদের অগ্রযাত্রাকে ‘আল্লাহর বিজয়’ বললো ইরানের রেভল্যুশনারি গার্ড

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ায় হুথিদের অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটির দাবি, হুথিদের এই অগ্রগতি দীর্ঘদিনের প্রতিরোধ ও দৃঢ়তার ফল এবং এটি একটি ‘আল্লাহর বিজয়’।

আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুথিদের অভিনন্দন জানান। তিনি বলেন, সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রেও বছরের পর বছর দৃঢ় অবস্থান ধরে রাখার ফল হিসেবেই হুথিদের এই অগ্রযাত্রা এসেছে।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকায় হুথিদের অগ্রসর হওয়ার পর গত এক দিনে ইরানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে প্রশংসা এসেছে। তেহরানের পক্ষ থেকে এই অগ্রগতিকে আঞ্চলিক প্রতিরোধ শক্তির সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মাদ মোখবেরও হুথিদের প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ‘প্রতিরোধের নিজস্ব শক্তি ও দৃঢ় সংকল্প’ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কৌশলগত ও সামরিকভাবে অচলাবস্থার মধ্যে ফেলেছে।