ইরানের জাতীয় স্বার্থ নিয়ে কোনো পরিস্থিতিতেই আপস করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত, ঐক্যবদ্ধ, বুদ্ধিদীপ্ত ও শক্তিশালীভাবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদির সঙ্গে বৈঠকে হাতামি এসব কথা বলেন।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
হাতামি বলেন, ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। সাম্প্রতিক যুদ্ধে দুই বাহিনীর মধ্যে এই সমন্বয় আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী চার দশকের বেশি সময় ধরে ইরানের জাতীয় শক্তি, নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। বিশ্বাস, অভিজ্ঞতা ও কৌশলগত সক্ষমতার ওপর নির্ভর করে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবারের বৈঠকে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে দেশটির সামরিক সক্ষমতা শত্রুপক্ষের ধারণার চেয়েও অনেক বেশি বলে দাবি করেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সূত্র: মেহর নিউজ এজেন্সি