ইরান যুদ্ধ শুরু করেনি, আগ্রাসনের জবাব দিয়েছে: পেজেশকিয়ান

ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি; বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে আত্মরক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের দায় তেহরানের নয় বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

সাক্ষাৎকারে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, উপসাগরীয় দেশটির সঙ্গে তেহরানের কোনো সমস্যা নেই।

পেজেশকিয়ান বলেন, ‘অঞ্চলের কোনো দেশের সঙ্গেই আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা হলো আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিয়ে। এসব ঘাঁটি আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে ব্যবহার করা হচ্ছে।’

ইরানি প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোকে সরাসরি সংঘাতের পক্ষ হিসেবে দেখছে না তেহরান। বরং এসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহৃত হওয়াই তাদের প্রধান উদ্বেগ বলে তুলে ধরেছেন তিনি। সূত্র: ডন