যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলেই হরমুজ খুলবে: আরাঘচি

যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে না এলে হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অর্থাৎ প্রণালিটি খুলে দেওয়ার বিষয়টি সরাসরি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পূরণের সঙ্গে শর্তযুক্ত করেছে তেহরান।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় খোলার ক্ষেত্রে ইরানের শর্ত হলো ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে আসা।’

ওমানের সঙ্গে ইরানের সাম্প্রতিক আলোচনার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। আরাঘচি বলেন, মাসকাটের সঙ্গে তেহরানের আলোচনা হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে নয়; বরং প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ তৈরির পরিকল্পনা নিয়ে।

তিনি বলেন, ‘ওমানের সঙ্গে করা সমঝোতা এবং নতুন পথের সংশ্লিষ্ট পরিকল্পনার বিস্তারিত অংশগ্রহণকারী দেশগুলোর কাছে তুলে ধরা হবে।’

আরাঘচির বক্তব্যে স্পষ্ট, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার প্রশ্নে তেহরান এখনো নির্দিষ্ট শর্তে অটল রয়েছে। একদিকে ওমানের সঙ্গে নতুন সামুদ্রিক পথ নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে প্রণালি পুনরায় খোলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি জানাচ্ছে ইরান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে এমন অবস্থানের ফলে এর স্বাভাবিক নৌ চলাচল ফেরানোর বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপরও নির্ভর করছে বলে ইঙ্গিত দিয়েছেন আরাঘচি। সূত্র: ডন