সুন্নি আলেম মোলভি ইউসুফ গোরগিজ হত্যার জন্য দায়ীদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমাদ ভাহিদি। একই সঙ্গে গোরগিজের অনুসৃত পথ অব্যাহত রাখার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
গোরগিজ নিহত হওয়ার পর দেওয়া এক শোকবার্তায় ভাহিদি বলেন, ঐক্যের পক্ষে থাকা এই বিশিষ্ট ধর্মীয় নেতাকে হত্যার ঘটনা সিস্তান ও বালুচিস্তানের মানুষের বিরুদ্ধে ভাড়াটে সন্ত্রাসীদের ব্যর্থতার প্রমাণ। তার ভাষ্য, গোরগিজকে হত্যার ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের কথিত হতাশা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই প্রদেশের মানুষের বিরুদ্ধে তাদের ব্যর্থতাও প্রকাশ করেছে।
শোকবার্তায় ভাহিদি সিস্তান ও বালুচিস্তানের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি মোলভি গোরগিজের জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন এবং তার পরিবার ও সমর্থকদের ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেন।
ভাহিদি আরও বলেন, গোরগিজ যে পথ অনুসরণ করতেন, তা অব্যাহত থাকবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
মোলভি ইউসুফ গোরগিজ জাহেদানের মোহাম্মদ রাসুলুল্লাহ মসজিদের সুন্নি ইমাম ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ির বাইরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় তিনি নিহত হন। সাম্প্রদায়িক বিভাজনের বিরোধিতা ও ঐক্যের পক্ষে সক্রিয় ছিলেন এই ধর্মীয় নেতা। পাশাপাশি ইসরায়েলি প্রভাবের বিরুদ্ধেও তিনি বক্তব্য দিতেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি