ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি সম্পূর্ণ মিথ্যা: আকরামিনিয়া

ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেছেন, ইরান এখনো পুরো অঞ্চলে উপস্থিত রয়েছে এবং আঞ্চলিক জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় আকরামিনিয়া বলেন, এটি একটি মিথ্যা দাবি। ইরান এই অঞ্চলে উপস্থিত রয়েছে এবং অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তিনি বলেন, ইরানের নৌবাহিনী বর্তমানে ওমান সাগর, আরব সাগর এবং উত্তর ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে। এসব জলসীমায় নৌবাহিনী নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং মার্কিন জাহাজগুলোকে ইরানের উপকূলের কাছে আসতে বাধা দিচ্ছে।

আকরামিনিয়ার ভাষ্য, বর্তমানে মার্কিন জাহাজগুলো ইরানের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে, যা ইরানের শক্তি ও সামরিক সক্ষমতারই প্রমাণ। তিনি বলেন, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনী যদি ধ্বংস হয়ে থাকত, তাহলে মার্কিন বাহিনী ইরানের উপকূলের কাছে চলে আসত। কিন্তু বাস্তবে তারা তা করার সাহস করছে না।

ইরানের ভেতরে গভীরে গিয়ে মার্কিন পাইলটকে উদ্ধার এবং ওই পাইলটের দেওয়া সাক্ষাৎকার নিয়েও কথা বলেন আকরামিনিয়া। তিনি বলেন, পশ্চিমা ও মার্কিন সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছে যে, ওই পাইলটদের ক্যামেরার সামনে উপস্থিত হয়ে এসব বক্তব্য দিতে বলা হয়েছিল। তার দাবি, তাদের দেওয়া বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আকরামিনিয়া বলেন, হলিউডের চলচ্চিত্রে যেমন নিজেদের অজেয় শক্তির একটি কিংবদন্তি তৈরি করে দেখানো হয়, মার্কিনিরাও তেমন একটি কিংবদন্তি তৈরি ও প্রচারের চেষ্টা করছে। মার্কিন পাইলটদের এসব সাক্ষাৎকার এবং এ ধরনের দাবিও একই প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেন তিনি।

দাশতে মাহইয়ারের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কথিত হতাশার প্রসঙ্গও তুলে ধরেন ইরানের এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, ওই এলাকায় যুক্তরাষ্ট্র একটি বড় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয় এবং তাদের কয়েকটি বিমান ও হেলিকপ্টার বোমা মেরে ধ্বংস করতে বাধ্য করা হয়।

তার ভাষ্য, এর মধ্য দিয়ে তাবাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার ঘটনার মতোই আরেকটি বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এই পরাজয়কে আড়াল করতেই যুক্তরাষ্ট্র এখন ওই ঘটনাকে মানুষের স্মৃতি থেকে সরিয়ে নিজেদের বিজয়ের একটি কিংবদন্তি তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন আকরামিনিয়া।

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, তারা যদি আবারও ভুল হিসাব করে নতুন করে আগ্রাসন চালায়, তাহলে আগের তুলনায় আরও দৃঢ়, আরও বিস্তৃত এবং আরও শক্তিশালীভাবে তাদের লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে তাদের আরও বড় ধরনের পরাজয় মেনে নিতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি