ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তেহরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের আরও কাজ বাকি রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নেতানিয়াহুর দপ্তরের সরকারি অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে এসব কথা জানানো হয়।
ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনে শিন বেতের অসাধারণ কর্মীদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান ও তাদের মিত্রদের ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি, তবে তা দুর্বল হয়ে পড়েছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইতোমধ্যে বেশির ভাগ কাজ সম্পন্ন করেছে। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে এবং সেগুলোও সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাসকে নির্মূল করা হবে এবং সবার আগে ইরানের শাসনব্যবস্থাকে পরাজিত করা হবে। তার ভাষায়, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো হবে এবং শেষ পর্যন্ত তা পড়ে যাবে।
একই বক্তব্যে নেতানিয়াহু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও পদক্ষেপের কথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহকেও মোকাবিলা করা হবে এবং সংগঠনটিরও পতন ঘটবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল