ইসলামি পবিত্র স্থাপনাগুলোর নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে মক্কা আল-মুকাররমা অভিমুখে হুথিদের ড্রোন পাঠানোর দাবির বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সৌদি আরবের পক্ষ থেকে হুথিরা মক্কাকে লক্ষ্যবস্তু করেছে, এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ইসলামি পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কা আল-মুকাররমা, মদিনা আল-মুনাওয়ারা ও আল-আকসা মসজিদ এবং এসব স্থানের তীর্থযাত্রী ও প্রতিবেশীদের জন্য যেকোনো ধরনের হুমকির নিন্দা জানান তিনি।
তবে মক্কা আল-মুকাররমার দিকে যাওয়া একটি ড্রোন বাধা দেওয়ার দাবি থেকেই কোনো নির্দিষ্ট পক্ষকে অভিযুক্ত করা যায় না বলে মন্তব্য করেন বাঘাই। তিনি বলেন, ইয়েমেনের হুথিদের নেতৃত্বাধীন সরকার এ দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে।
ইরানের এই মুখপাত্র বলেন, ইসলামি পবিত্র স্থান ও সেগুলোর নিরাপত্তার বিষয়টিকে রাজনৈতিকীকরণ ঠেকানো জরুরি। একই সঙ্গে এ বিষয়কে ব্যবহার করে বিভেদ উসকে দেওয়া এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাঘাই এ বিষয়ে সতর্কতা ও সজাগ থাকার আহ্বান জানান। তার ভাষ্য, সাম্প্রতিক মাসগুলোসহ বিভিন্ন সময়ে এ অঞ্চলে একাধিক ‘ভুয়া পতাকা’ অভিযান দেখা গেছে। এসব কর্মকাণ্ডের লক্ষ্য ছিল কথিতভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কর্মকাণ্ডের সমালোচনা থেকে জনমত অন্যদিকে সরিয়ে নেওয়া এবং ইসলামি দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। সূত্র: ডন