ইরানের কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইরানের আকাশসীমায় প্রবেশের পর ড্রোনটি শনাক্ত, অনুসরণ ও ধ্বংস করা হয়।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কেশম দ্বীপের আশপাশে ড্রোনটির উপস্থিতি শনাক্ত করা হয়। তাদের দাবি, ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করছিল। পরে বাহিনীর নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত আঘাতে সেটি ধ্বংস করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনটি শনাক্ত ও ধ্বংসের পুরো কার্যক্রম ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়েছে। এ ক্ষেত্রে দেশীয়ভাবে উৎপাদিত রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
কেশম দ্বীপ হরমুজ প্রণালির কাছে অবস্থিত হওয়ায় অঞ্চলটি সামরিক ও নৌ নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই অঞ্চলে ড্রোন ও অন্যান্য সামরিক তৎপরতা ঘিরে উত্তেজনা বেড়েছে। তবে মার্কিন ড্রোন ভূপাতিত করার ইরানের দাবিটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি