পেজেশকিয়ানের ভাষণ ইরানি জাতির কণ্ঠস্বর: খাতেমি

জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ভাষণকে ইরানি জনগণের দৃঢ় কণ্ঠস্বর হিসেবে আখ্যা দিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমাদ খাতেমি। তিনি বলেছেন, যুদ্ধে ইরান ভয় পায় না, পেজেশকিয়ানের এই ঘোষণা দেশের জনগণের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।

শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) খুতবায় খাতেমি বলেন, বিশ্বের মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাগুলোও পেজেশকিয়ানের বক্তব্যের সেই দিকটি তুলে ধরেছে, যেখানে স্পষ্ট হয়েছে যে ইরান আত্মসমর্পণ করবে না এবং কোনো শক্তির চাপের কাছে নতি স্বীকার করবে না।

পেজেশকিয়ানের ভাষণের প্রশংসা করে খাতেমি বলেন, ইরানের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর জবাব দিয়েছেন। তাঁর দাবি, ট্রাম্প নিজের দেশের জনগণকেও বুঝতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাঁর জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করেছে।

বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, সামরিক শক্তি প্রয়োগ ও ধ্বংসাত্মক সিদ্ধান্তের পরিণতি ইরানের জনগণ সরাসরি প্রত্যক্ষ করেছে। যুদ্ধের মধ্য দিয়ে ইরানের প্রতিরোধক্ষমতারও পরীক্ষা হয়েছে। এখন শত্রুরা ভালোভাবেই জানে, যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং আলোচনার টেবিলে বসার বিষয়ে বরাবরই তার প্রতিশ্রুতি বজায় রেখেছে। তাঁর ভাষায়, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল; কিন্তু আত্মরক্ষার প্রশ্নে ইরান যুদ্ধকে ভয় পায় না এবং শান্তির জন্য আলোচনার পথ থেকেও সরে যায় না।

পেজেশকিয়ান বলেন, প্রিয় ইরানকে রক্ষার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি