যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরিয়ে দেওয়ার সময় খুব বেশি দূরে নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
সশস্ত্র বাহিনীর এক সমাবেশে আমির হাতামি বলেন, হরমুজ প্রণালি ইরানের সম্মানের প্রতীক এবং দেশের শত্রুদের এই গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজও বন্ধ থাকবে।
ইরানের এই শীর্ষ সামরিক কমান্ডার বলেন, অঞ্চলকে যদি অনিরাপদ করা হয়, তাহলে সেই অনিরাপত্তা সবার জন্যই প্রযোজ্য হবে। ইরান যদি ব্যবসা করতে না পারে এবং স্বাভাবিকভাবে টিকে থাকতে না পারে, তাহলে কেউই এই অঞ্চলে বাণিজ্য ও স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
হাতামি মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো ও অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রের প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেও যে নিরাপত্তা নিশ্চিত হয় না, তা তারা দেখেছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হবে না, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়। এই পরিবর্তন খুব বেশি দূরে নয় বলেও মন্তব্য করেন ইরানের সেনাপ্রধান। সূত্র: আলজাজিরা