হরমুজ প্রণালি এখন মার্কিন সাবমেরিন ড্রোনের বিরুদ্ধে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর শিকারক্ষেত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। তিনি বলেছেন, হরমুজ প্রণালি শুধু উন্মুক্ত নয়, বরং সেখানে মার্কিন পানির নিচের যান শিকারের সক্ষমতাও দেখিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহেবি বলেন, হরমুজ প্রণালি শুধু উন্মুক্ত নয়, এটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর জন্য মার্কিন সাবমেরিন ড্রোনের শিকারক্ষেত্র।
তিনি বলেন, এবার দ্বিতীয় শিকার ধরা পড়েছে। এবার ধরা পড়েছে এমকে ১৮ মড ২ কিংফিশ নামের একটি উন্নত স্বয়ংক্রিয় সাবমেরিন ড্রোন।
মোহেবির ভাষ্য অনুযায়ী, কিংফিশ একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় সাবমেরিন ড্রোন, যা সোনার ও নির্ভুল নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত। এর মূল্য কয়েক মিলিয়ন ডলার বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র বলেন, এই ঘটনাকে শুধু একটি সাবমেরিন ড্রোন আটকের ঘটনা হিসেবে দেখলে হবে না। এটি একই সঙ্গে একটি প্রযুক্তিগত ও গোয়েন্দা অর্জন।
মোহেবি তার বক্তব্যের শেষাংশে বলেন, এটি কেবল একটি শিকার নয়; বরং একটি প্রযুক্তিগত ও গোয়েন্দা অর্জন। সূত্র: মেহর নিউজ এজেন্সি