‘যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে অঞ্চল ছাড়ার বিকল্প নেই’

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামনে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।

ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে তিনি বলেন, দেশটি জনগণ ও ভূখণ্ডের সুরক্ষায় বিশ্বের “উপলব্ধ সব প্রযুক্তি” ব্যবহার করে ধারাবাহিকভাবে নতুন অস্ত্র তৈরি, বিদ্যমান সামরিক সরঞ্জাম আধুনিকায়ন এবং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকহারে উৎপাদন করছে।

যুদ্ধের ধরন পরিবর্তিত হলে ইরান “নতুন অস্ত্র যুদ্ধের মাঠে আনবে” বলেও জানান তিনি।

মোহেব্বির দাবি, সাম্প্রতিক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদেরই রক্ষা করতে পারেনি। তাঁর ভাষ্য, এসব ঘাঁটির বেশির ভাগই বর্তমানে “পুরোপুরি অকার্যকর” হয়ে পড়েছে এবং সেগুলো পুনর্নির্মাণ করা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে টেকসই হবে না।

তিনি আরও বলেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান যোগাযোগপথ ও দীর্ঘদিনের সম্পর্ক যুক্তরাষ্ট্র কখনো বিচ্ছিন্ন করতে পারবে না। তাঁর দাবি, ওই দেশগুলো ইতোমধ্যে উপলব্ধি করেছে যে তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি থাকা নিরাপত্তাহীনতা তৈরি করে।

ইরানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেন আইআরজিসির এই কর্মকর্তা। তাঁর দাবি, “এ ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে” যুক্তরাষ্ট্র।

মোহেব্বি বলেন, “যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে অঞ্চল ছেড়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই এবং আমাদের অভিযান এই ফলাফলের মধ্য দিয়েই শেষ হবে।”