ইরান ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেন।
ফোনালাপে পেজেশকিয়ান বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ ও অভিন্ন দৃষ্টিভঙ্গির দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাকে তেহরানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কও আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানান।
জবাবে মিরজিয়োয়েভ বলেন, তেহরান ও তাশখন্দের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক পরামর্শ জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে উজবেকিস্তানও দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।
আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সংবেদনশীল ও জটিল পরিস্থিতির মধ্যেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নিতে পেজেশকিয়ানের প্রচেষ্টার প্রশংসা করেন উজবেক প্রেসিডেন্ট। অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সফর আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
ফোনালাপে পেজেশকিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানান মিরজিয়োয়েভ। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির কাছেও তার শুভেচ্ছা পৌঁছে দিতে পেজেশকিয়ানকে অনুরোধ করেন উজবেক প্রেসিডেন্ট। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি