ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি জোটের ৯৪ হামলার দাবি হুথিদের

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ৯৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতিরা। শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেন।

সারি বলেন, এসব হামলায় বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

তার দাবি, এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে হামলাগুলো চালানো হয়। যুদ্ধবিমানগুলো খামিস মুশাইত ও তাইফের বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। এছাড়া নজরান ও জিজান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

সারি আরও দাবি করেন, উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ১ হাজার ৩৫০টিতে পৌঁছেছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি বলেন, খামিস মুশাইতের দিকে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

এর আগে সৌদি আরব জানিয়েছিল, খামিস মুশাইত ও জিজানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশাইতের আকাশে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ আসির অঞ্চলের খামিস মুশাইতে পড়ে। এতে সীমিত পরিমাণে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।