ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের অধিকার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্যারিসের অবস্থানের মধ্যে দ্বৈতনীতি রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার প্রশ্ন, ফ্রান্স নিজে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারকে কেন হুমকি হিসেবে দেখছে?
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য তুলে ধরে বাঘাই বলেন, ম্যাক্রোঁ বলেছেন, স্বাধীন থাকতে হলে ভয় জাগাতে হবে, আর ভয় জাগাতে হলে শক্তিশালী হতে হবে। অথচ ইরানের বিষয়ে তার অবস্থান হলো, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, আজ নয়, পাঁচ বছর পরও নয়, এমনকি ১০ বছর পরও নয়।
বাঘাই বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি। তা সত্ত্বেও দেশটির বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের আকাঙ্ক্ষাকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। তার অভিযোগ, সব দেশের জন্য শান্তি ও সমান অধিকার নিশ্চিত করা পশ্চিমা শক্তিগুলোর লক্ষ্য নয়; বরং ভয় সৃষ্টি করতে সক্ষম শক্তির ওপর নিজেদের একচেটিয়া কর্তৃত্ব বজায় রাখাই তাদের উদ্দেশ্য।
ইরানের এই মুখপাত্র আরও বলেন, পারমাণবিক অস্ত্র নিজেদের হাতে রেখে অন্য দেশগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করতে চায় তারা। এমনকি যেসব দেশ শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়, তাদেরও কথিত পারমাণবিক হুমকির ভয় দেখিয়ে চাপে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বাঘাই। সূত্র: ডন