ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পুলিশের উপকমান্ডার নুসরাত এফতেখারি নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স। তবে হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সিস্তান-বালুচিস্তান ইরানের অস্থিতিশীল প্রদেশগুলোর একটি। সেখানে সড়কপাশে বোমা বিস্ফোরণের এ ঘটনায় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান, হামলার সময় এবং এতে অন্য কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে ফার্সের প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
নুসরাত এফতেখারিকে লক্ষ্য করেই বোমাটি পুঁতে রাখা হয়েছিল কি না, কিংবা হামলার সঙ্গে কোনো সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে গত কয়েক সপ্তাহ যাবত কিছুদিন পরপরই কয়েক দফায় বেশকিছু সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়। এর মধ্যে গত সপ্তাহেই একদফায় ৩ সন্ত্রাসী ও আরেক দফায় ৬ সন্ত্রাসীকে ঘায়েল করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল