ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে এক নারী পুলিশ কর্মকর্তাকে বোমা হামলায় হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা রাদান। শুক্রবার (০৯ অক্টোবর) জাহেদানের কাছে চেশমে জিয়ারাত গ্রামে যাওয়ার পথে ওই কর্মকর্তার গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে তিনি নিহত হন এবং আহত হন পুলিশের আরও কয়েকজন সদস্য।
নিহত নুসরাত এফতেখারি সিস্তান ও বালুচিস্তান প্রদেশের পুলিশ কমান্ডের সাংস্কৃতিক ও সামাজিকবিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার তাঁর মৃত্যুতে শোকবার্তা দেন ইরানের পুলিশপ্রধান রাদান। এতে তিনি জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা শুনতে চেশমে জিয়ারাত গ্রামে গিয়েছিলেন এফতেখারি। সেখান থেকে ফেরার পথেই তাঁর গাড়িতে বোমা হামলা চালানো হয়।
শোকবার্তায় এফতেখারির জনসেবার প্রতি নিষ্ঠার প্রশংসা করেন রাদান। তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় নারী ও পুরুষ, উভয় সদস্যকেই বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। এফতেখারির হত্যাকাণ্ড সেই আত্মত্যাগের বিষয়টি আবারও সামনে এনেছে।
ইরানের পুলিশপ্রধান স্পষ্ট করে বলেন, এফতেখারি এবং নিহত অন্যান্য নিরাপত্তাকর্মীর হত্যার প্রতিশোধ নেওয়া হবে। একই সঙ্গে দেশে স্থায়ী নিরাপত্তা ও ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।
শুক্রবারের ওই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। হামলায় এফতেখারি নিহত হওয়ার পাশাপাশি পুলিশের আরও কয়েকজন সদস্য আহত হন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি