ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থকেই এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। তাঁর মতে, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে সৌদি আরবের উচিত নিজেদের অস্ত্র ইসরায়েলের দিকে তাক করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখবের বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ভ্রাতৃঘাতী সংঘাত ছাড়া আর কিছুই নয়। এতে সৌদি আরবের মানুষের জীবন ও দেশটির সম্পদ অপচয় হচ্ছে।
তিনি লেখেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ভ্রাতৃঘাতী সংঘাত এবং সৌদি আরবের মানুষের জীবন ও সম্পদের অপচয় ছাড়া কিছুই নয়।’
ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাসে দেখা গেছে, দেশটি নিজেদের মিত্রদেরও স্বার্থ বিসর্জন দিতে বাধ্য করে কিংবা বিপদের মুখে ফেলে। সৌদি আরবের উচিত বিষয়টি ভুলে না যাওয়া।
মোখবেরের বক্তব্যে ইয়েমেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাঁর দাবি, এই যুদ্ধে সৌদি আরবের অংশগ্রহণ শেষ পর্যন্ত ওয়াশিংটনের স্বার্থই পূরণ করছে। একই সঙ্গে তিনি সৌদি নেতৃত্বকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিবর্তে ইসরায়েলের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে মোখবের তাঁর বক্তব্যে সৌদি আরবের অস্ত্র ইসরায়েলের দিকে তাক করার আহ্বানের বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তুলে ধরেননি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল