ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে মুসলিম ভাইদের হত্যা থামান: মোখবের

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য সৌদি সরকারের সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবের। তিনি সৌদি আরবকে আমেরিকা ও ইহুদিবাদীদের নির্দেশে মুসলিম ভাইদের হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনের নিপীড়িত, প্রতিরোধী ও ধর্মবিশ্বাসী জনগণের ওপর সৌদি আরবের ব্যাপক হামলার প্রসঙ্গ তুলে মোখবের বলেন, রিয়াদ ভুল পথে এগোচ্ছে। আমেরিকার ওপর আস্থা রাখার অতীত অভিজ্ঞতা থেকে সৌদি নেতৃত্বের শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোখবের বলেন, ইয়েমেনের সঙ্গে যুদ্ধ মূলত মুসলিমদের নিজেদের মধ্যে সংঘাত। এ যুদ্ধ সৌদি আরবের মানুষের প্রাণহানি ঘটাচ্ছে এবং দেশটির সম্পদও ক্ষয় করছে।

তিনি আরও বলেন, ইসলামি বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলি শাসনব্যবস্থার দিকে অস্ত্র তাক করা উচিত। ইয়েমেনের ধর্মবিশ্বাসী ও প্রতিরোধী জনগণের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার না করে সেই শত্রুর মোকাবিলায় মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

মোখবেরের অভিযোগ, সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের ফাঁদে পা দিচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তার মিত্রদেরও বিসর্জন দেয়। সৌদি নেতৃত্বের এই শিক্ষা ভুলে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা। সূত্র: মেহর নিউজ এজেন্সি