উটের প্রস্রাবের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধ ব্যবহারের মাধ্যমে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (Saudi FDA) এই গুজবটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।
দেশটি নিশ্চিত করেছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের কোনো অনুমোদিত ওষুধ নয়; বরং এটি শুধুমাত্র একটি খাদ্যসম্পূরক।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবরটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে বিভ্রান্তি সৃষ্টি হলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয় সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসার বা অন্য কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়। পণ্যটিতে মূলত শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে।
সংস্থাটি জোর দিয়ে উল্লেখ করে, নিবন্ধিত এই পণ্যটি কেবল সাধারণ খাদ্যসম্পূরক হিসেবেই বিক্রি ও ব্যবহার করা যাবে। ক্যানসার নিরাময়ে এটি কার্যকরী—এমন কোনো বৈজ্ঞানিক বা অনুমোদিত ভিত্তি নেই।
ক্যানসারের চিকিৎসায় এই পণ্যটির অনুমোদন পাওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে সংস্থাটি। সাধারণ মানুষকে এমন বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার এবং ক্যানসারের মতো প্রথাগত স্বাস্থ্য সমস্যায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।