হরমুজ প্রণালির দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রপথে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়।

আইআরজিসির নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি মাইন পেতে রাখা একটি নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ কারণে তাদের ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়। পরে জাহাজ দুটির চলাচল থামিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, মাইন পেতে রাখা ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজে আগুন ধরে যেতে পারে।

তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী সেগুলো কিংবা আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।