নিষেধাজ্ঞা ও চাপের পরিবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে আগে হুমকি ও নিষেধাজ্ঞা বাস্তবে প্রত্যাহার করতে হবে। একদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানো, অন্যদিকে আলোচনার আহ্বান জানানো, দুই পদক্ষেপ একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়িয়ে, যোগাযোগের পথ বন্ধ করে দিয়ে একই সঙ্গে আলোচনার আহ্বান জানানো অসম্ভব। তার এই বক্তব্যে আলোচনার বিষয়ে তেহরানের শর্ত স্পষ্ট হয়েছে। ইরানের প্রেসিডেন্টের অবস্থান অনুযায়ী, কেবল আলোচনার আহ্বান জানানোই যথেষ্ট নয়; আলোচনার উপযোগী পরিবেশ তৈরিতে বাস্তব পদক্ষেপও নিতে হবে।
পেজেশকিয়ান তার পোস্টে আরও বলেন, হুমকি ও চাপের ভাষায় সংলাপের কোনো অর্থ হয় না। অর্থাৎ, আলোচনার কথা বলার পাশাপাশি চাপ অব্যাহত রাখলে তা অর্থবহ সংলাপের পথ তৈরি করতে পারে না বলেই মনে করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হুমকিমুক্ত পরিবেশ তৈরির বিষয়টি আলোচনার পূর্বশর্ত হিসেবে উঠে এসেছে। তার বক্তব্য অনুযায়ী, চাপ প্রয়োগ অব্যাহত রেখে আলোচনার উদ্যোগ নিলে তা কার্যকর সমঝোতার ভিত্তি হতে পারবে না। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল