এবার আক্রমণাত্মক কৌশলে যাবে ইরান: আইআরজিসি

ইরানের ওপর কোনো দেশ হামলা চালালে শুধু পাল্টা জবাব দিয়েই থামবে না দেশটি, বরং আক্রমণাত্মক অভিযানও চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি। তিনি জানিয়েছেন, সামরিক কৌশলে পরিবর্তন এনে অসম যুদ্ধপদ্ধতির দিকে এগোচ্ছে ইরান। এত দিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিপক্ষের হামলার জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন থেকে পরিস্থিতি অনুযায়ী পাল্টা আঘাতের পাশাপাশি আক্রমণাত্মক পদক্ষেপও নেওয়া হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহেবি বলেন, আগে ইরানের সামরিক নীতি ছিল প্রতিরক্ষামূলক। অর্থাৎ, কোনো পক্ষ হামলা চালালে তার জবাব দেওয়ার ওপরই গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসে অসম যুদ্ধকৌশল গ্রহণ করা হচ্ছে। এই কৌশলের আওতায় আক্রান্ত হওয়ার পর শুধু প্রতিক্রিয়া দেখানো নয়, বরং প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

ইরানের সামরিক নীতিতে এই পরিবর্তনের কথা তুলে ধরে মোহেবি বলেন, কোনো দেশ ইরানের ওপর হামলা চালালে তেহরান পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি আক্রমণও চালাবে। তাঁর এই বক্তব্যে সম্ভাব্য সামরিক সংঘাতের ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়ার ধরন বদলানোর ইঙ্গিত পাওয়া গেছে।

বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, নতুন কৌশলে ইরানের সামরিক প্রতিক্রিয়া আর কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে না। তবে অসম যুদ্ধকৌশলের আওতায় কী ধরনের অভিযান পরিচালনা করা হবে কিংবা এই পরিবর্তন কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল