উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফোনালাপে তারা আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তিনি।
অন্যদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপসাগরীয় অঞ্চলে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে একটি সমাধানে পৌঁছানোর প্রচেষ্টার কথা তুলে ধরেন। পাশাপাশি অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
আঞ্চলিক উত্তেজনা কমানো, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তির পথ খুঁজে বের করার বিষয়ে দুই দেশের এই আলোচনা কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এসেছে। তবে ফোনালাপে কোনো নির্দিষ্ট সমঝোতা বা সিদ্ধান্তে পৌঁছানোর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: ডন