ইয়েমেনের এডেন ও লাহিজ প্রদেশে সৌদি আরব-সমর্থিত যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি। এতে বহু হতাহত হওয়ার পাশাপাশি ট্যাংক, সামরিক যান ও অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, এডেন প্রদেশের সালাহ আল-দিন এলাকায় সৌদি আরব-সমর্থিত যোদ্ধাদের সমাবেশ এবং তাদের অস্ত্রের গুদাম লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
একই সঙ্গে লাহিজ প্রদেশের আল-ওয়াহত এলাকাতেও আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে জানান তিনি। এ হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন হুথির এই মুখপাত্র। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি।
ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, হামলায় বিপুলসংখ্যক ট্যাংক ও সামরিক যান ধ্বংস হয়েছে। পাশাপাশি অস্ত্রের গুদামগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গুদাম সৌদি কর্মকর্তা বদর আল-হারবির তত্ত্বাবধানে পরিচালিত হতো বলে দাবি করা হয়েছে।
তবে হামলার ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে সৌদি আরব-সমর্থিত পক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হামলার বিবরণ প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি। সূত্র: মেহের নিউজ এজেন্সি