হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে জোর দিলেন মোজতবা খামেনি

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অব্যাহত রেখে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনি। একই সঙ্গে জাতীয় ঐক্য জোরদার করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন খামেনি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

বৈঠকে খামেনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও এর সচিবালয়কে রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা-এই চারটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই একটি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় অন্য ক্ষেত্রগুলোর ওপর এর প্রভাব বিবেচনায় রাখা জরুরি।

তিনি বলেন, কার্যকর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হলে প্রতিটি পদক্ষেপের শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভাব্য পরিণতি বিবেচনায় রেখে সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে।

বৈঠকে জাতীয় সংহতি বাড়ানো, জনগণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা এবং দেশের সমস্যা সমাধানে সংবিধানের ১৭৬ অনুচ্ছেদ কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট ও নির্বাহী বিভাগকে সহযোগিতা করে সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

হরমুজ প্রণালির ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং দীর্ঘমেয়াদি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

খামেনি বলেন, জাতীয় প্রতিরোধের ফলে প্রতিপক্ষের হতাশা তৈরি হয়েছে। দেশের প্রতিরক্ষা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের অংশগ্রহণ বজায় রাখতে সময়োপযোগী ও সক্রিয় তথ্য প্রচারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া যুদ্ধের অবসান এবং ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিষয়ে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্ত বাস্তবায়নের মাধ্যমে ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার এবং স্বার্থ রক্ষার ওপর জোর দেন সর্বোচ্চ নেতা।

বৈঠকে মোহসেন রেজায়ি দেশের বিভিন্ন খাতের পরিস্থিতি এবং বিদ্যমান সমস্যা সমাধানে চলমান উদ্যোগ সম্পর্কে প্রতিবেদন দেন। তিনি জানান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় আঞ্চলিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় দেশের নিজস্ব সক্ষমতাভিত্তিক কৌশল বাস্তবায়নে কাজ করছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি