নেতানিয়াহু ক্ষমতায় থাকলে হামাসের হামলার তদন্ত না হওয়ার আশঙ্কা

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ক্ষমতায় থাকলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই হামলায় নিহত এক মার্কিন-ইসরায়েলি সেনার বাবা রুবি চেন। তার মতে, হামাসের হামলা কীভাবে সম্ভব হয়েছিল, তা খুঁজে বের করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

বুধবার (২৮ অক্টোবর) সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে রুবি চেন বলেন, ৭ অক্টোবরের হামলা কীভাবে ঘটলো, সেটিই এখন মূল প্রশ্ন। নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায় কখনোই তদন্ত কমিটি গঠন করবেন না বলে আশঙ্কা তার। দীর্ঘদিন ধরেই হামাসের ওই হামলার তদন্তের দাবি জানিয়ে আসছেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সমন্বিত হামলায় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। রুবি চেন মনে করেন, হামাসের হামলা কীভাবে ঠেকানো যায়নি, তা তদন্ত করে ভুলগুলো চিহ্নিত করা গেলে ভবিষ্যতে একই ধরনের প্রাণঘাতী হামলা প্রতিরোধে সহায়তা মিলবে।

তিনি বলেন, হামাসের হামলার জন্য জবাবদিহি নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। তার বিশ্বাস, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া আঞ্চলিক অন্যান্য সংঘাত মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। চেনের ভাষায়, ভুল থেকে শিক্ষা না নিলে একই ভুল বারবার করার ঝুঁকি থেকেই যায়।

রুবি চেনের ছেলে ইতাই চেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে দায়িত্ব পালনকালে তিনি নিহত হন। প্রথমে ধারণা করা হয়েছিল, হামাস তাঁকে আটক করে জিম্মি হিসেবে নিয়ে গেছে। তবে ২০২৪ সালের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে, হামাসের হামলার দিনই তার মৃত্যু হয়েছিল। ইতাইয়ের বয়স হয়েছিল ১৯ বছর। সূত্র: সিএনএন