জেডি ভ্যান্সের চিঠির জবাব দেননি মোহসেন রেজাই

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি পেয়েছে ইরান, তবে এখনো এর জবাব দেয়নি দেশটি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। চিঠিটি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের উদ্দেশে পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিবকে চিঠি পাঠিয়েছেন। ইরান চিঠিটি গ্রহণ করলেও এখনো কোনো জবাব দেয়নি। তবে চিঠির বিষয়ে তেহরানের অবস্থান বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে দেওয়া নিজেদের সাতটি শর্ত পূরণের বিষয়ে অনড় রয়েছে ইরান। তাসনিমের ভাষ্য অনুযায়ী, এই কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক যেকোনো অবস্থানকে অগ্রহণযোগ্য মনে করে তেহরান। তবে সাতটি শর্ত কী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দিয়ে ভ্যান্স ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চিঠিতে শান্তি আলোচনা পুনরায় চালুর পাশাপাশি দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন ভ্যান্স বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি ইরানের কাছে পৌঁছানো হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করা নয়, বরং দেশটিকে চিকিৎসাসামগ্রী পেতে সহায়তা করাই ছিল এই যোগাযোগের উদ্দেশ্য। ফলে চিঠির প্রকৃত উদ্দেশ্য এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনার নতুন কোনো পথ খুলবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডন