ইরানকে ‘মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি’ বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামিয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ১৯৭৯ সাল থেকেই ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি। ১৯৭৯ সাল থেকেই ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।’ এ সময় তিনি ইরানকে ‘মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি’ হিসেবেও আখ্যায়িত করেন।

যুদ্ধের বিরোধিতা করায় ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি রো খান্নার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, খান্না এই যুদ্ধের ব্যয় ২৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র এর প্রায় ১০ গুণ অর্থ আয় করেছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের বিষয়েও বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, সাত মাস আগের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে বেশি তেল পরিবাহিত হচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প আবারও বলেন, যুক্তরাষ্ট্র তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। তিনি বলেন, ‘চেষ্টা করছে—এই শব্দটি বাদ দিন। ইরানকে থামানোর কথা বলুন। আমরা তাদের থামিয়েছি।’

তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বা কোন পদক্ষেপে থামিয়েছে, সে বিষয়ে সমাবেশে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম