'ইরানের দিকে কেউ যেনো নজর দেওয়ার সাহস না পায়'

ইরানের ভূখণ্ড ও জাতীয় পরিচয়ের সুরক্ষা নিশ্চিত করতে দেশকে এমন শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যাতে কোনো পক্ষই দেশটির সার্বভৌমত্ব ও পরিচয়ের দিকে নজর দেওয়ার সাহস না পায়। তার মতে, অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মৃতি ইরানকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন পেজেশকিয়ান। সেখানে তিনি ইরানের ইতিহাসে সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত মোহাম্মদ হোসেইন ফাহমিদেহর কথা স্মরণ করেন। একই সঙ্গে মিনাব, লামেরদসহ দেশের বিভিন্ন অঞ্চলের শহীদ কিশোরদের অপূর্ণ স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।

পেজেশকিয়ান বলেন, দেশের সন্তানদের নাম ও স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি। তাদের স্মৃতি এখন ইরানিদের সম্মিলিত ঐতিহাসিক স্মৃতির অংশ হয়ে রয়েছে। তাদের আত্মত্যাগ ও অপূর্ণ স্বপ্ন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এই স্মৃতিগুলো কেবল অতীতের ঘটনাকে মনে করিয়ে দেয় না, বরং দেশের নিরাপত্তা, ভূখণ্ড ও জাতীয় পরিচয় রক্ষায় শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে আসে।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, দেশের ভূখণ্ড ও পরিচয়ের প্রতি যেন কেউ লোভ দেখানোর সাহস না পায়, সে জন্য ইরানকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। দেশের সন্তানদের স্মৃতি ও তাদের রেখে যাওয়া স্বপ্নকে ধারণ করে এমন সক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষই ইরানের ভূখণ্ড বা জাতীয় পরিচয়কে হুমকির মুখে ফেলার সাহস না পায়। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি