স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পেজেশকিয়ানের শোক প্রকাশ

স্পেনে দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানি ও হতাহতের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় পেজেশকিয়ান বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। ইরান সরকার ও জনগণের পক্ষ থেকে স্পেনের সরকার এবং সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নিহত ব্যক্তিদের জন্য সৃষ্টিকর্তার করুণা ও শান্তি কামনা করে পেজেশকিয়ান আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনাও করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তাঁর সহানুভূতির কথা শোকবার্তায় তুলে ধরা হয়।

গত বুধবার (২৮ অক্টোবর) স্পেনে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত হন। এ ঘটনায় বহু মানুষ হতাহত হন। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই স্পেনের প্রধানমন্ত্রীর কাছে শোকবার্তা পাঠান ইরানের প্রেসিডেন্ট। সূত্র: মেহর নিউজ এজেন্সি