সৌদি আরবের দাম্মামের শিল্পাঞ্চলে হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ। হামলার পর স্থাপনাটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে আইআরএনএর বরাতে এ তথ্য জানানো হয়েছে। তবে হামলার সময়, লক্ষ্যবস্তুতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্যও উদ্ধৃত করা হয়নি। ফলে হামলার ধরন, দায়ী পক্ষ এবং ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি। সূত্র: ডন