ইরান যুদ্ধের জন্য 'আরও বেশি' প্রস্তুত আমিরাত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের গতিপথ কী হবে, তা এখনই অনুমান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সুহাইল আল-মাজরুই। তবে আগের তুলনায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার দেশ আরও বেশি প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আবুধাবিতে আয়োজিত আন্তর্জাতিক পেট্রোলিয়াম প্রদর্শনী ও সম্মেলনে (এডিআইপিইসি) বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আল-মাজরুই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাতের জ্বালানি রপ্তানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় কিছু কিছু সময়ে দেশটির রপ্তানি পরিস্থিতি আরও ভালো ছিল। অর্থাৎ, সংঘাতের মধ্যেও নির্দিষ্ট কিছু সময়ে জ্বালানি রপ্তানি আগের অবস্থাকে ছাড়িয়ে গেছে বলে দাবি করেন তিনি।

তবে যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে কোনো নিশ্চয়তা নেই বলে উল্লেখ করেন আল-মাজরুই। তার বক্তব্য, পরিস্থিতি কীভাবে এগোবে তা অনুমান করা কঠিন। সে কারণে আগের তুলনায় আরও প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিচ্ছে আমিরাত। সূত্র: ডন